• ক্রাইম

    সাভারে যুবককে পিটিয়ে হ/ত্যা, বাথরুম থেকে লা/শ উদ্ধার

      RBCNews24.com 13 May 2026 , 12:31:13 প্রিন্ট সংস্করণ

    মো: আলমগীর হোসেন | সাভার প্রতিনিধি

    ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ায় আব্দুল মান্নান নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় দত্তপাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

     

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মান্নানের বাড়ি কুমিল্লায়। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়ায় লোকমান হোসেনের দুইতলা বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ বাথরুমে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

    সন্ধ্যায় বাড়ির মালিক ফ্ল্যাটে মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

    ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

    এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
    এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ