• জাতীয়

    আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু

      RBCNews24.com 18 April 2026 , 1:39:41 প্রিন্ট সংস্করণ

    সুমন আহম্মেদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
    নেত্রকোনার আটপাড়া উপজেলায় পানিতে ডুবে মরিয়ম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর শুনই ইউনিয়নের স্বল্প শুনই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
    নিহত মরিয়ম ওই গ্রামের বাসিন্দা মোমেন মিয়ার কন্যা।
    স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় ছোট্ট মরিয়ম
    অসাবধানতাবশত একপর্যায়ে সে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। বিষয়টি প্রথমে পরিবারের কেউ টের পাননি।
    পরে মরিয়মকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে পানির ওপর ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
    তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
    এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র কন্যাকে হারিয়ে মরিয়মের পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
    স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে উন্মুক্ত পুকুর ও জলাশয় শিশুদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সামান্য অসচেতনতা বা অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকে।
    এলাকাবাসীর দাবি, পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং নিয়মিত নজরদারি বাড়ানো হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
    চিকিৎসকরা জানান, পানিতে ডুবে যাওয়া শিশুর ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বাড়ানো গেলে অনেক ক্ষেত্রে প্রাণ বাঁচানো সম্ভব।
    ঘটনার পর স্থানীয় প্রশাসনসহ সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ