
আশুলিয়া প্রতিনিধি:
ঢাকা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ২০০ পুড়িয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি টিম ৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার ধামরাই থানাধীন জগৎনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী—কবির হোসেন (৩৭) ও আলামিন (৩৮)-কে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
একই দিনে রাত ৯টার দিকে ডিবি (উত্তর)-এর আরেকটি টিম এসআই মোঃ আরিফুল ইসলাম-এর নেতৃত্বে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সামাদ ভূঁইয়া (৫২) ও সান্নান বাবু (৪২)-কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে ৪টি এবং আলামিনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।