
RBCNews24.com 15 May 2026 , 3:29:45 প্রিন্ট সংস্করণ
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতে।

দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ৩ রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ মে) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
ইন্ডিয়া টু-ডের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৭ রুপি ৭৭ পয়সা এবং ডিজেলের দাম ৯০ রুপি ৬৭ পয়সা। একই সঙ্গে সিএনজি বা সংকুচিত প্রাকৃতিক গ্যাসের দামও কেজিপ্রতি ২ রুপি বাড়িয়ে ৮৭ রুপি নির্ধারণ করা হয়েছে।

দামের এই প্রভাব শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নয়। কলকাতায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৮ রুপি ৭৪ পয়সায় এবং ডিজেল ৯৫ রুপি ১৩ পয়সায়।
এছাড়া মুম্বাই ও চেন্নাইসহ ভারতের অন্যান্য বড় শহরেও জ্বালানির দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শহর ভেদে দাম বেড়েছে ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকা সত্ত্বেও গত ১১ সপ্তাহ ধরে খুচরা পর্যায়ে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছিল ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো। তবে আমদানি ব্যয় ও লোকসান বাড়তে থাকায় শেষ পর্যন্ত মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।
ভারতের জ্বালানি আমদানির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশটির আমদানি করা অপরিশোধিত তেলের গড় মূল্য ছিল ব্যারেলপ্রতি প্রায় ৬৯ ডলার। বর্তমানে সেই দাম বেড়ে ১১৩ থেকে ১১৪ ডলারে পৌঁছেছে।

এর আগে সর্বশেষ বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছিল ২০২২ সালের এপ্রিলে। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সামান্য ২ রুপি কমানো হলেও দীর্ঘ সময় ধরে দৈনিক মূল্য সমন্বয় বন্ধ ছিল।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার নতুন রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে তেলের ঊর্ধ্বগতির কারণে ভবিষ্যতে ভারতে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এর ফলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বর্তমান মূল্যবৃদ্ধি মূলত প্রাথমিক লোকসান সামাল দেওয়ার একটি পদক্ষেপ। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে সামনে আরও বড় ধরনের মূল্য সমন্বয় দেখা যেতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে


















