• জাতীয়

    রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

      RBCNews24.com 29 April 2026 , 8:31:40 প্রিন্ট সংস্করণ

    মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

    “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

    বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চন্দন কুমার বসাক সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ.ফ.ম. ওবায়দুল ইসলাম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, মেডিকেল অফিসার ডা. বেলাল হোসেন, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুলসহ অন্যরা।

    বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত জীবন গড়তে পুষ্টিকর খাবার গ্রহণ ও সুষম খাদ্যাভ্যাস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পুষ্টি সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    সবশেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ