
RBCNews24.com 27 April 2026 , 2:18:46 প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ মাসুদ রানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে বজ্রপাতে হাসান শেখ (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হাসান শেখ একই গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় পরিশ্রমী ও সৎ কৃষক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে আকাশে ঘন মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এ সময় হাসান শেখ বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই বজ্রপাত তার ওপর আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয় এবং পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন,
“বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গ্রীষ্ম মৌসুমে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা এ সময় খোলা মাঠ, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান না করার পরামর্শ দিয়ে থাকেন। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং সচেতনতা বৃদ্ধি জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।











