
ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বর্তমান ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর সরদার দাবি করেছেন, দলের দুঃসময়ে মামলা, হামলা ও নির্যাতনের শিকার হওয়া অনেক ত্যাগী নেতা-কর্মী বর্তমানে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। অন্যদিকে, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন— এমন ব্যক্তিদের অনেকেই এখন বিএনপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর সরদার বলেন, দীর্ঘদিন ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, মামলা-মোকদ্দমা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, দলের কঠিন সময়ে পাশে থেকেছেন— তাদের অনেকেই আজ দলীয় মূল্যায়ন থেকে বঞ্চিত। এতে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন এবং রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির পতাকা ধরে রেখেছেন, তাদের যথাযথ সম্মান ও মূল্যায়ন দেওয়া উচিত। অথচ দেখা যাচ্ছে, অনেক ত্যাগী নেতা-কর্মী এখন উপেক্ষিত অবস্থায় রয়েছেন।”
জাহাঙ্গীর সরদারের দাবি, দলের সাংগঠনিক শক্তি ধরে রাখতে হলে প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, “দলের জন্য জীবন-যৌবন উৎসর্গ করা নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আস্থা কমে যেতে পারে। এতে সংগঠনের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।”
তিনি সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের অবদান মূল্যায়ন করে তাদের প্রাপ্য সম্মান ও দায়িত্ব দেওয়া উচিত। এর মাধ্যমে দলের ঐক্য, সাংগঠনিক শক্তি ও কর্মীদের মনোবল আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
—-