• জাতীয়

    প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান

      RBCNews24.com 11 May 2026 , 3:05:52 প্রিন্ট সংস্করণ

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যাচ্ছেন তারেক রহমান।

    সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দুই দিন পর, অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন। সেদিন তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে এবারই প্রথম তিনি ক্যাম্পাসে পা রাখছেন।

    তারেক রহমানের শিক্ষা জীবনের স্মৃতি জড়িয়ে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। তিনি ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন শুরু করেন। ছাত্রজীবনে তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

    তবে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত তার বিশ্ববিদ্যালয়ের পাঠ সম্পন্ন করা সম্ভব হয়নি। আর তাই দীর্ঘ সময় পর সাবেক এই শিক্ষার্থীর প্রধানমন্ত্রী হিসেবে ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ