
RBCNews24.com 24 April 2026 , 7:47:07 প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি: ফারুক আহমেদ

সাভারে সরকারি রাস্তা খুঁড়ে অবৈধভাবে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে আহসানউল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজার এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে দেখা যায় এমন চিত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সরকারি রাস্তার একটি অংশ খুঁড়ে সেখানে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন, যা এলাকাবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং জনমনে ক্ষোভের জন্ম দেয়।

খবর পেয়ে বিরুলিয়া ইউনিয়ন গ্রাম পুলিশ আদালতের চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেন। পাশাপাশি তিনি রাস্তা পুনরায় সংস্কারের নির্দেশ প্রদান করেন।
এদিকে, বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে সরকারি রাস্তায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা দেন।

স্থানীয়দের দাবি, সরকারি রাস্তা দখলের এ ধরনের প্রচেষ্টা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।

















