
RBCNews24.com 3 May 2026 , 5:44:44 প্রিন্ট সংস্করণ
আশরাফুল ইসলাম: রংপুর প্রতিনিধি

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোর্দ্দমুরাদপুর গ্রামের এক অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা হিসেবে ঘর মেরামতের জন্য টিন বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় দমদমা আশার আলো ভোগ পণ্য সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান মোঃ নাহিদ হাসান অসহায় বাসিন্দা আবু তালেব মিয়ার হাতে ঘর মেরামতের প্রয়োজনীয় টিন তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ছোট ঘরে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আবু তালেব মিয়া। সামান্য বৃষ্টিতেই ঘরে পানি প্রবেশ করে, ফলে অনেক সময় বাধ্য হয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিতে হয় তাকে।
এমন দুঃখজনক পরিস্থিতির খবর পেয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে সমবায় সমিতিটি। সংগঠনের পক্ষ থেকে শুধু টিন বিতরণই নয়, সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও এ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী মনে করছেন, সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।


















