
অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বাইরে পেসার রুবেল হোসেন। সবশেষ ২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তার শেষ ম্যাচটি ছিল ২০২১ সালের ১ এপ্রিল। এরপর তিনি আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকে এবার রুবেল অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
রুবেল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন ২০১৫ বিশ্বকাপের জন্য। সেই আসরে তার বিধ্বংসী এক স্পেল ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে ভূমিকা রেখেছিল। অ্যাডিলেডে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ৯.৩ ওভারে ৫৩ রানে নেন ৪ উইকেট। যা বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলতে ভূমিকা রাখে।