
RBCNews24.com 13 June 2026 , 4:16:31 প্রিন্ট সংস্করণ
মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে জানিয়েছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, মিঠাপুকুরের প্রত্যেক এলাকার রাস্তা-ঘাট সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। বিভিন্ন এলাকার সড়কের বর্তমান অবস্থা তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছেন এবং অনেক স্থানে সরেজমিন পরিদর্শনও করেছেন।

তিনি জানান, এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় ধাপে ধাপে সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দেওয়া হয়েছে এবং বরাদ্দের অর্থ ছাড় হলেই উন্নয়ন কাজ শুরু করা হবে।
এমপি গোলাম রব্বানী বলেন, “হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। অর্থ ছাড় পাওয়া মাত্রই পর্যায়ক্রমে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, সেগুলো দীর্ঘস্থায়ী রাখতে স্থানীয় জনগণেরও কিছু দায়িত্ব রয়েছে। রাস্তা ব্যবহারে সচেতনতা ও সংরক্ষণে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে যথাসময়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানান সংসদ সদস্য।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত বরাদ্দ পাওয়া গেলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে মিঠাপুকুরের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।


















