
RBCNews24.com 11 May 2026 , 11:01:04 প্রিন্ট সংস্করণ
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

আজ সোমবার (১১ মে) আন্তর্জাতিক বাজারে জুন ডেলিভারির জন্য মার্কিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ৪২ সেন্টে পৌঁছেছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৪৯ সেন্টে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে, যেখান দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।
এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এখনো শেষ হয়নি। তিনি দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো এখনো বড় হুমকি হয়ে রয়েছে।

এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া এবং সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা প্রয়োজন। তার ভাষায়, ‘এখনো অনেক কাজ বাকি।’
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের প্রতিনিধিদের প্রস্তাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
বাজার বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে বিশ্ববাজারে তেলের দাম নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে ইরান যদি হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়বে।
এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


















