
RBCNews24.com 19 April 2026 , 1:51:48 প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি: আলামিন ভূঁইয়া

সাভারের আশুলিয়ার জামগড়া রূপায়ন-নাভানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— রাহাত বাবু ওরফে বড় বাবু, কুমার দেব শুভ এবং ইব্রাহিম। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, জামগড়া পুলিশ ক্যাম্পের এসআই আবু তালেবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই চক্রের কারণে দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এ ধরনের অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে পুলিশ জানায়, আশুলিয়াসহ সাভারের বিভিন্ন এলাকায় অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।












