
ঢাকার আশুলিয়া উপজেলার ধামসোনা ইউনিয়নের বুড়িবাজার এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন। তিনি বক্তব্যে অভিযোগ করে বলেন, “গত ১৭ বছরে ধামসোনা ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক, যা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করছে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে কাজ করবেন। এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং উন্নয়নের স্বার্থে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।