• জাতীয়

    আশুলিয়ায় মহাসড়কের পাশেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-স্থানীয়রা

      RBCNews24.com 14 July 2026 , 6:50:20 প্রিন্ট সংস্করণ

    ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশেই গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে সড়কের পাশে আবর্জনা ফেলে রাখায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
    স্থানীয়দের অভিযোগ, আশুলিয়া ইপিজেডের নিকটবর্তী হওয়ায় প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু রাস্তার পাশে জমে থাকা ময়লার দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের চরম ভোগান্তিতে ফেলছে। বৃষ্টি হলে পচা আবর্জনা থেকে বের হওয়া ময়লা পানি আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে, ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি।
    এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। নিয়মিত ময়লা অপসারণ ও নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।
    ব্যবসায়ীরা বলেন, দুর্গন্ধের কারণে অনেক ক্রেতা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এভাবে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে রাখার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে।
    স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তার পাশ থেকে ময়লার ভাগাড় অপসারণ, নিয়মিত বর্জ্য পরিষ্কার এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং পরিবেশগত ঝুঁকি মারাত্মক আকার ধারণ করবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ