• অর্থ ও বাণিজ্য

    মেগা প্রকল্পের নামে বিগত সরকার লুট/পাট করেছে: সড়ক পরিবহন মন্ত্রী

      RBCNews24.com 11 May 2026 , 4:24:14 প্রিন্ট সংস্করণ

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেগা প্রকল্পের নামে বিগত সরকার লুটপাট করেছে। ত্রিশ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। শুধু তাই নয়, তারা বিশ লাখ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ রেখে গেছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।

    সোমবার (১১ মে) দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বিগত সময়ে ১৬টি মেগা প্রকল্পের অর্থ পুরোপুরি ব্যয় হয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ঠিকাদাররা টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্প শুরুই করা যাচ্ছে না। একইসঙ্গে ১৮ বছরের দুর্নীতি ও অ-আনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে বিদেশি দাতা সংস্থাগুলো এখন বড় প্রকল্পে সহযোগিতা করতে অনীহা প্রকাশ করছে।

    তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথম ফিজিবিলিটি স্টাডি করেছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করলেও এর প্রাথমিক পদক্ষেপটি ছিল তৎকালীন বিএনপি সরকারের।

    তিনি আরও বলেন, পদ্মা সেতু জাদুঘর আরও আগেই হওয়া উচিত ছিল। তৎকালীন সরকার কেন এটি করেনি তা আমার জানা নেই। তবে দেশের বৃহত্তম স্বার্থে এবং সাধারণ মানুষকে এই বিশাল স্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে এ জাদুঘরটি খুবই প্রয়োজন ছিল। এর মাধ্যমে আগামী প্রজন্ম পদ্মা সেতুর ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে পারবে।

    সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ