• অর্থ ও বাণিজ্য

    জ্বালানি তেলের সংকট নেই, আতঙ্কেই বাড়ছে অতিরিক্ত কেনা: জ্বালানি বিভাগ

      RBCNews24.com 15 April 2026 , 8:07:35 প্রিন্ট সংস্করণ

    Unrecognizable male putting fuel dispenser in tank while refueling vehicle on self service gas station. High quality photo

    দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে ভবিষ্যৎ নিয়ে জনমনে তৈরি হওয়া শঙ্কার কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন, যা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং করে তুলছে।
    মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারির আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনও একই পরিমাণ সরবরাহ অব্যাহত রয়েছে। কিন্তু অনিশ্চয়তার কারণে ভোক্তারা অতিরিক্ত তেল কিনছেন।
    তিনি উদাহরণ দিয়ে জানান, বিজয় সরণির একটি পাম্পে আগে দৈনিক ৫০ থেকে ৫৪ হাজার লিটার অকটেন সরবরাহ করা হলেও মঙ্গলবার সেখানে ৮০ হাজার লিটারের বেশি বিতরণ করা হয়েছে।
    সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে দেশজুড়ে অভিযান অব্যাহত রয়েছে। গত ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৫ লাখ ৪২ হাজার ২০৬ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, অকটেন, পেট্রল ও ফার্নেস তেল।
    মুখপাত্র আরও জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৯ হাজার ১১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের, ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
    জ্বালানি মজুত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে। অকটেন ও পেট্রল দিয়ে অন্তত আগামী দুই মাস কোনো সমস্যা হবে না। পাশাপাশি ডিজেলের ক্ষেত্রেও এপ্রিল ও মে মাসে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ