
RBCNews24.com 7 June 2026 , 12:13:49 প্রিন্ট সংস্করণ
সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষকে মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরনের হয়রানি থেকে মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন।


শুক্রবার (৫ জুন) ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ী বড় পাড়া এলাকার মসজিদুল আকসা মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্যকালে ইসরাফিল হোসেন বলেন, “ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। কোনো নিরীহ মানুষ যেন মিথ্যা মামলা বা অন্যায় হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী ধামসোনা ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর সমর্থন ও দোয়া পেলে তিনি ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলেও অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


















